Ridge Bangla

ইরান সফরে কাতারের প্রতিনিধি দল, চুক্তি নিয়ে আশাবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইরানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের বিষয়ে আশাবাদ জানানোর পর এই তথ্য জানা গেল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রোববার বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন ও ইসলামাবাদ আশা প্রকাশ করেছে, রোববারের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হতে পারে। এটি বাস্তবায়িত হলে প্রায় চার মাস ধরে চলা সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের কর্মকর্তারা। একই সঙ্গে আলোচনার শর্ত নিয়ে দেশটির কট্টরপন্থিরাও আপত্তি জানিয়েছেন।

এদিকে রোববারই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি হবে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিন্ন অবস্থান জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তাদের ভাষ্য, ইরানি আলোচকরা জানিয়েছেন এখনো সমঝোতা স্মারক চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প দ্রুত চুক্তি স্বাক্ষরের জন্য অস্বাভাবিক চাপ তৈরি করছেন।

বিপ্লবী গার্ডের দাবি, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি হয়তো এদিন চুক্তি করে সেটিকে প্রচারণার অংশ হিসেবে কাজে লাগাতে চাইছেন।

এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ওবামার সময় ২০১৫ সালে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তির মাধ্যমে দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সেটি বন্ধ করেছেন এবং বর্তমানে ইরান আর অস্ত্র তৈরি করতে চায় না। অন্য প্রশাসনের তুলনায় তার সরকারের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো বলেও দাবি করেন তিনি।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘বারাক ওবামার ইরানের সাথে করা চুক্তিটি ছিল মূলত পারমাণবিক অস্ত্র বানানোর সহজ, সুন্দর ও মসৃণ রাস্তা। চুক্তিটা থাকলে ইরান ছয় বছর আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং এতদিনে সেটা ব্যবহারও করে ফেলত।’

তিনি আরও লেখেন, ‘আগামীকালই (রোববার) এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আর সই হওয়ার সাথে সাথেই সবার জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে। ইরানের সাথে আমাদের সম্পর্ক এখন আগের প্রশাসনগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা এবং অনেক গুণ ভালো।’

This post was viewed: 5

আরো পড়ুন