Ridge Bangla

ওমানের বন্দরে অসুস্থ হয়ে ভারতীয় নাবিকের মৃত্যু

ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক ভারতীয় নাবিক মারা গেছেন। এমটি সেলেস্টিয়াল নামের ওই জাহাজে তিনি কর্মরত ছিলেন বলে জানিয়েছে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস। শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, নিহত নাবিকের মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে তিন লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে কর্মরত আছেন আঠারো হাজারের বেশি ভারতীয় নাবিক। দেশটির নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর কয়েক দিন আগেই ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। ওই ঘটনার পর নতুন করে আরেক নাবিকের মৃত্যু হলো। ট্যাঙ্কারে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে জি সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তুলে ধরতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে। এ সময় বেসামরিক জাহাজে হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়।

This post was viewed: 6

আরো পড়ুন