Ridge Bangla

নারায়ণগঞ্জে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ, সবুজ নগরী গড়ার প্রত্যয়

নারায়ণগঞ্জকে আরও সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ৫০ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

শনিবার সকালে দেওভোগের নারায়ণগঞ্জ সিটি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এ কথা জানান।

তিনি বলেন, সারাদেশে প্রথম বছরে পাঁচ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ৫০ হাজার গাছ রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, শুধু গাছ রোপণ নয়, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও হবে। এজন্য নির্দিষ্ট এলাকার গাছের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর অর্পণ করা হবে এবং তাদের পারিশ্রমিক দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। প্রথম ধাপে ঝাউ, বেল, অর্জুন, সোনালু, জারুল, মেহগনি ও পাকুড়সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন