Ridge Bangla

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ বেলায়াত হোসেন জানিয়েছেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার বাসিন্দা মাসুদ চৌধুরী নিহত হয়েছেন। নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

এই হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও ড্রাম ফেলে অবরোধ এবং বিক্ষোভ করেছেন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৩ জুন) বেলা দেড়টার দিকে রাউজানের পাহাড়তলি এলাকার একটি ওষুধের দোকানের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাসুদ চৌধুরী বেতাগী ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাসুদ বাজারের একটি ফার্মেসির সামনে অবস্থান করছিলেন। এমন সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে আসে। তারা মাসুদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মাসুদ ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতাকর্মীরা পাহাড়তলীতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা কাপ্তাই সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

This post was viewed: 5

আরো পড়ুন