গত মে মাসে দেশের সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনা ঘটেছে। এসব মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন এবং আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৬ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে ঢাকা বিভাগ। সেখানে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। এখানে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু এবং ৬৭ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, একক খাত হিসেবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সড়কে। মে মাসে দেশজুড়ে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং ১ হাজার ৬৫২ জন আহত হয়েছেন।
একই সময়ে নৌপথে ২১টি দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া রেলপথে দুর্ঘটনার সংখ্যা ছিল ৪২টি, যেখানে ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন।