বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত হওয়া ১০০ নম্বরের এই পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।
একই দিন রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। উত্তীর্ণদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর কন্যা তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে পরীক্ষায় পাসের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষাটি সাধারণত তিন ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের এখন পরবর্তী ধাপ লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর সর্বশেষ মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল দেশের আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন।