আগামী অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আওতায় রয়েছে দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদে ভোটগ্রহণ।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরাদ্দকৃত অর্থের একটি অংশ এখনো অব্যবহৃত রয়েছে। কমিশন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে সাশ্রয়ীভাবে কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় সরকার নির্বাচনেও প্রয়োজন অনুযায়ী বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, আগামী মাসের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে আগস্টে তফসিল ঘোষণার উপযোগী পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।