রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার রাতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে সংঘটিত এই ভূমিকম্পে স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
ভূমিকম্পের কম্পন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়ায় অনেক মানুষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভবের তথ্য শেয়ার করেন।
তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে সারাদেশ কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান। সেদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।