Skip to main content

Ridge Bangla

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে সাব্বির খান রাব্বি (১৯) নামের এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাব্বির উপজেলার বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার পিতা জাদুরকাঠী গ্রামের সহিদুল ইসলাম খান।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে যে কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা।

পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত সাব্বির খানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

This post was viewed: 25

আরো পড়ুন