Ridge Bangla

২০২৮ সালে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম, গুরুত্ব পাবে শিল্প-সংস্কৃতি ও দক্ষতা শিক্ষা

প্রাথমিক শিক্ষায় যুগোপযোগী ও সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নতুন কারিকুলাম চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামের আলোকে পাঠদান শুরু হবে, যার মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক, দক্ষ ও বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের প্রধান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারের শিক্ষা-দর্শনের আলোকে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা পাঠ্যজ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন কারিকুলামে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারু ও কারুকলা এবং ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর ফলে আগামী পাঁচ বছরে এ খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, শিল্প ও সংস্কৃতিকে শুধু সহশিক্ষা কার্যক্রম নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষক তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে চতুর্থ শ্রেণির শিল্প ও সংস্কৃতি বইয়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে এসব বিষয় পূর্ণাঙ্গভাবে নতুন কারিকুলামের অংশ হিসেবে চালু করা হবে।

This post was viewed: 8

আরো পড়ুন