Skip to main content

Ridge Bangla

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রেল টিকিটে ২৫ শতাংশ ছাড়

বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ব্যবস্থা চালু করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র সম্প্রতি জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা রেল টিকিটের ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এই সুবিধা অনলাইন ও কাউন্টার- উভয় মাধ্যমেই পাওয়া যাবে।

পরিপত্রে বলা হয়েছে, ছাড় সুবিধা পেতে যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে নিবন্ধিত হতে হবে এবং এনআইডি যাচাইকরণ সম্পন্ন করতে হবে। একজন প্রবীণ যাত্রী প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরা আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ভাড়া রেয়াত পাবেন। আপাতত স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে এ সুবিধা কার্যকর থাকবে। ভবিষ্যতে অনলাইন টিকিটিং ব্যবস্থাতেও এই সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটেও ২৫ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে ভ্যাট, সার্ভিস চার্জ ও অন্যান্য ফি বিদ্যমান নিয়ম অনুযায়ী পরিশোধ করতে হবে।

This post was viewed: 27

আরো পড়ুন