ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার পর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল ছাড়তে শুরু করেছেন চিকিৎসাধীন রোগীরা। শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালটি থেকে ১৭৬ জন রোগী চলে গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিকালে যখন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল ঘোষণা করে, তখন সেখানে ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে ২৫০ জনের মতো রোগী চিকিৎসাধীন আছেন। আকস্মিক এই সিদ্ধান্তের পর অনেক রোগী চলে গেলেও মানবিক কারণে বাকিদের দ্রুত সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তাই হাসপাতাল কর্তৃপক্ষ যথাসাধ্য সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় হাসপাতালের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার তাদের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
এ প্রসঙ্গে পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই পরবর্তী সবকিছু নির্ভর করছে।