Ridge Bangla

নাসির-তামিমার খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বাদীপক্ষ

ব্যভিচারের মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তাঁর স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে বাদীপক্ষ।

আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকার ৫ নম্বর সিএমএম কোর্ট থেকে রায় ঘোষণার পরপরই সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান।

মামলার বাদী রাকিবের উপস্থিতিতে আজ দুপুর সাড়ে ১২টায় এই রায় ঘোষণা করা হয়। এর আগে, বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ক্রিকেটার নাসির ও তাঁর স্ত্রী তামিমা আদালতে হাজির হন।

রায় ঘোষণার পর নিরাপত্তার স্বার্থে পুলিশি পাহারায় তাদের কিছুক্ষণ সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

রায় ঘোষণার সময় আদালতে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

এই রায়ের পর ক্ষোভ প্রকাশ করে বাদীর আইনজীবী ইসরাত হাসান বলেন, পিবিআই তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যভিচার ও জালিয়াতির প্রমাণ পেয়েছে। আসামিপক্ষ আগে থেকেই খালাস পাওয়ার ব্যাপারে নানা কথা বললেও আমরা আইনের প্রতি আস্থা রেখে মামলা চালিয়ে গেছি। অর্থের সংকট থাকা সত্ত্বেও বাদীকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলাম।

তিনি সতর্ক করে বলেন, এভাবে জালিয়াতি ও ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হলে তা বাদীর সঙ্গে চরম অন্যায়ের শামিল হবে। আর তাই ন্যায়বিচার পেতেই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন।

This post was viewed: 8

আরো পড়ুন