Ridge Bangla

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটের এক সোনালি অধ্যায়ের অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন।

গত নভেম্বরেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা ব্যাটার মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার জন্য এটাই তাঁর উপযুক্ত সময়। অবসর প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। গত কয়েক দিনে আমার কাছে পরিষ্কার হয়েছে, এটাই সঠিক সময়।

১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৭৮টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। শুধু ম্যাচ খেলাই নয়, রানের পাহাড় গড়ে তিনি হয়েছেন কিউইদের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিন সংস্করণে তাঁর মোট সংগ্রহ ১৯,৩৪৬ রান, যার মধ্যে রয়েছে ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তাঁর নেতৃত্বেই ব্ল্যাকক্যাপসরা দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনালে খেলার পাশাপাশি ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করে।

ক্রিকেট মাঠে দারুণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন উইলিয়ামসন। এছাড়া নিউজিল্যান্ডের ক্রিকেটে সর্বোচ্চ সম্মাননা ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ রেকর্ড চারবার নিজের করে নিয়েছেন এই কিংবদন্তি।

This post was viewed: 7

আরো পড়ুন