৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী ও বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার সিনেমা ‘সুড়ঙ্গ’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ-২’ নির্মিত হতে যাচ্ছে। আগামী ডিসেম্বর ২০২৬-এ বড় পর্দায় মুক্তি পাবে নতুন এই চলচ্চিত্রটি।
এর মাধ্যমে দর্শকদের নতুন চমক দিতে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন পরিচালক রায়হান রাফি এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের প্রযোজনায় নির্মিত হবে সিক্যুয়েলটি।
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় নির্মিত এই সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর রুপালি পর্দায় অভিষেক ঘটে।
চলচ্চিত্রটিতে ‘মাসুদ’ চরিত্রে তার অনবদ্য অভিনয় দেশ-বিদেশের দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে।
বাণিজ্যিক সফলতার পাশাপাশি চলচ্চিত্রটি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়। প্রথম পর্বের সেই অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেই এবার চলচ্চিত্রপ্রেমীদের জন্য ‘সুড়ঙ্গ-২’ নির্মাণের বড় ঘোষণা দেওয়া হলো।