চলতি মাসের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, আসন্ন এ সফর বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও অংশীদারত্ব আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ফোরামে নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকাসহ বিভিন্ন দক্ষিণ এশীয় দেশের প্রতিনিধি, কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ডেপুটি স্পিকার বাংলাদেশ-চীন সম্পর্কের পারস্পরিক আস্থা, উন্নয়ন সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।