চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার থানা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
দুমকি থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আদালত সূত্র জানায়, সিআর মামলা নং-১০৯/১৭-এর রায়ে জাকির হোসেনকে এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লেখিত অর্থের সমপরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়। রায় কার্যকরের লক্ষ্যে পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
স্থানীয়দের দাবি, আদালতের পরোয়ানা জারি হওয়ার পরও জাকির হোসেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিভিন্ন সভা-সমাবেশ, মিটিং-মিছিল, এমনকি সম্প্রতি উপজেলার নবাগত এক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানেও তাকে দেখা যায়। ফলে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অবস্থান করলেও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কথা চলছিল।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।