জর্ডানের আল-আজরাকে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। হামলায় এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার, মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।
বুধবার সকালে ইসলামি বিপ্লবী গার্ড কোরের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে মার্কিন বাহিনীকে ‘শিশু হত্যাকারী’ বলেও উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড কোর জানায়, ‘অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। জর্ডানের আল-আজরাকে মার্কিন বিমানঘাঁটির এফ-৩৫ ফাইটার জেটের হ্যাঙ্গার এবং শিশু হত্যাকারী মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এই হামলায় ধ্বংস করা হয়েছে।’
বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, ‘শত্রুদের যেকোনো নতুন আগ্রাসনের কঠোর ও চূড়ান্ত জবাব দিতে আমাদের বাহিনী প্রস্তুত। আর এই নতুন কোনো আগ্রাসনের পরিণতির দায়ভার আমেরিকান শত্রুদেরই নিতে হবে।’
এর আগে বুধবার সকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী।
তেহরানের দাবি, দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় এসব পাল্টা হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালীতে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার অভিযোগ তুলে বুধবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলের কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসসহ কয়েকটি এলাকায় একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র।