Ridge Bangla

লালমনিরহাটে ধরলা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মরদেহ পৃথক সময়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের দুই দিন পর বড় ভাই এবং তিন দিন পর ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন সদর উপজেলার মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেন ও সেলিনা বেগম দম্পতির ছেলে সাব্বির হোসেন (নবম শ্রেণি) এবং সাওন হোসেন (অষ্টম শ্রেণি)। তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বন্ধু মেহেদিকে সঙ্গে নিয়ে মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার ধরলা নদীতে গোসল করতে নামেন দুই ভাই। এ সময় নদীর স্রোতে ভেসে গিয়ে তারা নিখোঁজ হন। তাদের উদ্ধার করতে গিয়ে বন্ধু মেহেদিও পানিতে ডুবে গেলে তীরে থাকা এক জেলে তাকে জীবিত উদ্ধার করেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিজিবি এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে টানা তল্লাশি চালায়।

অভিযানের দ্বিতীয় দিনে সোমবার সাব্বির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকালে একই স্থানে অভিযান চালিয়ে ছোট ভাই সাওন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রোকন উজ্জামান জানান, টানা অভিযান চালিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন