পাবনা শহরে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুই হত্যাকাণ্ডের ঘটনায় একজন ব্যবসায়ী ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। গুলি ও ছুরিকাঘাতে সংঘটিত এ দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহতদের মধ্যে হোসেন আলী (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর জাফরাবাদ গ্রামের বাসিন্দা এবং মনিরুল ইসলাম (২২) সাঁথিয়া উপজেলার শিবরামপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। মনিরুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে ভর্তি করাতে যান হোসেন আলী। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে বিকেলে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে পূর্ববিরোধের জেরে মনিরুল ইসলামের সঙ্গে রাকিব নামের এক তরুণের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় মনিরুলকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান। ঘটনার পর অভিযুক্ত রাকিব পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।