ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববার নাসিরিয়ার কাছের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায় এবং এরপরই সেটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তাঁর কার্যালয় জানিয়েছে।
পুলিশ ও চিকিৎসা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল এবং হাসপাতালে নেওয়ার পর সব মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৯ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর। তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
ইরাকে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, সড়কের খারাপ অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে কার্যকর না হওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।