শিক্ষা প্রশাসনে গতি আনতে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। একযোগে ঢাকাসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি এর আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ ছিলেন। রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বোর্ডের বর্তমান সচিব শামীম আরা চৌধুরীকে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আহসান পারভেজ। অন্যদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে।
এ ছাড়া দীর্ঘদিন নিয়মিত চেয়ারম্যানবিহীন থাকা এনসিটিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।