টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপভ্যানের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পিকআপভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মুরগিবোঝাই পিকআপভ্যান ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা চার আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।