Ridge Bangla

২০২৮ সালের নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে চারটি নতুন বিষয়

দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে ২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে নতুন বিষয় যুক্ত হবে বিভিন্ন স্তরে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যমান শিক্ষাক্রমকে পরিমার্জন ও বাস্তবসম্মতভাবে পুনর্বিন্যাস করে ২০২৭ সালে একটি সংশোধিত সংস্করণ চালু করা হবে। এরপর ২০২৮ সালে পূর্ণাঙ্গ নতুন শিক্ষাক্রম কার্যকর করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে পাঠদান করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয় দুটি যুক্ত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন দ্রুত আনার চেষ্টা চলছে।

নতুন শিক্ষাক্রমে সংযোজন, বিয়োজন ও পরিমার্জনের পাশাপাশি আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

This post was viewed: 10

আরো পড়ুন