Ridge Bangla

চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নতুন উপাচার্য নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিদায়ী উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামকে নিজ মূল পদে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক মো. শহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার।

অন্যদিকে নবপ্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, যিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

This post was viewed: 10

আরো পড়ুন