চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। একই ঘটনায় আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের সহযোগিতায় নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন নীলকমল ইউনিয়নের মধ্য চারভাঙা গ্রামের আশরাফুল আলম সরকার (৩৮), মাঝের চর সাহেবগঞ্জ এলাকার কুদ্দুস আলী (৩২) এবং আক্কাস ফকির (৪৫)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে আশরাফুল আলম সরকারকে ৩ মাসের এবং কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেঘনা নদীর চরাঞ্চলে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। এ সময় তিনটি ড্রেজার জব্দ করে স্থানীয় নীলকমল ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীরবর্তী এলাকায় ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।