ইরানের একটি পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার রাত থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাত শুরুর পর দেশটির জ্বালানি অবকাঠামোতে এই হামলার ঘটনা ঘটল।
ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের কারুন মাহশাহর পেট্রোক্যামিকেল কোম্পানিতে হামলা হয়েছে। ইসরায়েলের হামলায় স্থাপনাটির আংশিক ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে গত এপ্রিলেও একই পেট্রোক্যামিকেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।
রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এরপর সোমবার সকালে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ তিনটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।
পরে পাল্টা জবাব হিসেবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর এক ঘণ্টার মধ্যে ইরান থেকেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
ইরান কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বিভিন্ন সূত্রের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে বলেও জানা গেছে।