Skip to main content

Ridge Bangla

হরিপুর সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ঢুকতে দেয়নি বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ১১ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে ওই ব্যক্তিদের পুশইনের চেষ্টা করা হলে বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে।

শনিবার দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জুন গভীর রাতে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন স্থানে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেয়।

বিজিবি জানায়, প্রতিরোধ করা ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছে। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে অবস্থান করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা দাবি করেন, তারা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। সম্প্রতি ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে নিয়ে সীমান্তবর্তী এলাকায় স্থানান্তর করে। পরে একটি বিএসএফ ক্যাম্পে রাখার পর সীমান্তে নিয়ে আসা হয়।

This post was viewed: 13

আরো পড়ুন