Ridge Bangla

বিসিবি নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে গণনা সম্পন্ন করে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। একই দিনে নতুন সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আট মাসের ব্যবধানে আয়োজিত এই নির্বাচনে নেতৃত্বে পরিবর্তন এলেও প্রতিদ্বন্দ্বিতার মাত্রা তুলনামূলক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিসিবির মোট ২৫টি পরিচালকের পদের মধ্যে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক বোর্ডে যুক্ত হবেন। ফলে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে ১৫টি পরিচালক পদ।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্লাব ক্যাটাগরিতে, যেখানে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী লড়ছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বেশিরভাগ পদও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূরণ হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ৬৬ জন, ক্লাব ক্যাটাগরির ৭৬ জন এবং অন্যান্য ক্যাটাগরির ৪২ জন ভোটার রয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ২৫ পরিচালকই সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।

This post was viewed: 7

আরো পড়ুন