লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে জেলার হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।
সীমান্ত সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত এলাকায় ১১ জন, পাটগ্রামের পয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ১০ জন এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর-দীঘলটারী সীমান্ত এলাকায় আরও ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
বিজিবির কঠোর অবস্থানের কারণে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা ব্যর্থ হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকায় অবস্থান করলেও তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।