Ridge Bangla

সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল বহনের নিষেধাজ্ঞা শিথিল করল ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকদের পানির বোতল বহনের বিষয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। সমর্থক গোষ্ঠী ও বিভিন্ন রাজনৈতিক নেতার তীব্র সমালোচনার পর সংস্থাটি নতুন নীতিমালা ঘোষণা করেছে।

শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় ফিফা জানায়, বিশ্বকাপের যেকোনো ম্যাচে দর্শকরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, ফ্যাক্টরি-সিলড একবার ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন।

এর আগে স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। যদিও মূল স্টেডিয়াম বিধিমালায় এক লিটার পর্যন্ত ধারণক্ষমতার খালি ও স্বচ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বহনের অনুমতি ছিল। কিন্তু পরে হালনাগাদকৃত নির্দেশনায় সেই অনুমতি বাতিল করা হয়।

ফিফা তখন উল্লেখ করে, খেলোয়াড়, রেফারি, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে শক্ত প্লাস্টিক বা ধাতব তৈরি পুনর্ব্যবহারযোগ্য বোতল এখনও নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মূলত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে বিশ্বকাপ চলাকালে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার পূর্বাভাস থাকায় পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্ত ব্যাপক বিতর্কের জন্ম দেয়। শেষ পর্যন্ত চাপের মুখে ওই নীতিমালায় পরিবর্তন আনল ফিফা।

This post was viewed: 9

আরো পড়ুন