চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। একই মামলায় আরও ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রোসাংগিরী ইউনিয়নে আজিমনগরের নাজিরহাট-মাইজভান্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করছে এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল।
এ সময় তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশে কর্মসূচির আয়োজন করেছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার মো. জামান বাবু (২৩) ও সাইফুল ইসলাম সজিব (২৫) সহ আরও একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।