Ridge Bangla

চট্টগ্রাম কাস্টম হাউসে হয়রানির অভিযোগ, ভোগান্তিতে ব্যবসায়ীরা

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানিকৃত পণ্য খালাসে অযৌক্তিক জটিলতা ও হয়রানির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা ও আদালতের আদেশ থাকার পরও নানা অজুহাতে পণ্য চালান আটকে রাখা হচ্ছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

অভিযোগ অনুযায়ী, শিল্পকারখানার কাঁচামাল হিসেবে আমদানিকৃত রক সল্টের একটি চালান দীর্ঘদিন আটকে রাখে কাস্টম কর্তৃপক্ষ। আমদানিকারক প্রতিষ্ঠান আদালতের শরণাপন্ন হয়ে অনুকূল রায় পেলেও ঈদের আগেই চালান খালাস করতে পারেনি। এতে বন্দর চার্জ কয়েকগুণ বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।

একইভাবে স্টিল স্ট্রাকচার আমদানির ক্ষেত্রেও এনবিআরের বিদ্যমান রুলিং উপেক্ষা করে ভিন্ন ব্যাখ্যা দিয়ে চালান আটকে রাখার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের দাবি, এতে অল্প মূল্যের পণ্যের বিপরীতে অতিরিক্ত শুল্ক ও আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।

ব্যবসায়ী নেতারাও কাস্টমসের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও অনুমোদন থাকার পরও অনেক ক্ষেত্রে পণ্য খালাসে অযথা বিলম্ব করা হচ্ছে, যার ফলে বাড়তি ডেমারেজ গুনতে হচ্ছে আমদানিকারকদের।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যবসায়ীরা কাস্টমস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

This post was viewed: 9

আরো পড়ুন