বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যে সক্রিয় মিতসুই বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে। তারা বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবা ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় আনার উদ্যোগও তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।