কক্সবাজার শহরতলির দরিয়ানগরে নির্মাণাধীন একটি কালভার্টে মাটি ধসের ঘটনায় দুই শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শ্রমিক। তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়গামী সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঁশখালীর চাম্বলী এলাকার মো. ইলিয়াছ (২৩) ও রাকিব (১৯)।
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, কাজ চলাকালে হঠাৎ পাশের মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।