এবার ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদি পশু কুরবানি হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ৮টি বিভাগ থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ হিসাব জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কুরবানি হওয়া পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮টি, ছাগল ও ভেড়া ৪৫ লাখ ২ হাজার ২৩৩টি এবং অন্যান্য পশু ১ হাজার ২৭টি।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পশু কুরবানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু কুরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ১৩ লাখ ৬৯ হাজার ৫টি, ছাগল ও ভেড়া ৯ লাখ ৮২ হাজার ১০৭টি এবং অন্যান্য পশু ৫৫৪টি।
চট্টগ্রাম বিভাগে কুরবানি হয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ২৫টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ১২ লাখ ১৮ হাজার ৬৭২টি, ছাগল ও ভেড়া ৫ লাখ ১৪ হাজার ৯৯২টি এবং অন্যান্য পশু ৩৬১টি।
রাজশাহী বিভাগে মোট ২৩ লাখ ৪২ হাজার ৮৬৯টি পশু কুরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ৭ লাখ ৯৬ হাজার ১২১টি, ছাগল ও ভেড়া ১৫ লাখ ৪৬ হাজার ৭০৬টি এবং অন্যান্য পশু ৪২টি।
খুলনা বিভাগে কুরবানি হওয়া ৮ লাখ ৪৬ হাজার ৫টি পশুর মধ্যে গরু ও মহিষ ২ লাখ ৮৩ হাজার ১৯২টি, ছাগল ও ভেড়া ৫ লাখ ৬২ হাজার ৭৮৬টি এবং অন্যান্য পশু ২৭টি।
বরিশাল বিভাগে কুরবানি হয়েছে ৪ লাখ ১৬০টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ২ লাখ ৯০ হাজার ৩৯৮টি এবং ছাগল ও ভেড়া ১ লাখ ৯ হাজার ৭৬২টি।
ময়মনসিংহ বিভাগে মোট ৩ লাখ ৬৭ হাজার ৮১৮টি পশু কুরবানি হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ ২ লাখ ২৬ হাজার ৬৪১টি, ছাগল ও ভেড়া ১ লাখ ৪১ হাজার ১৫৪টি এবং অন্যান্য পশু ২৩টি।
রংপুর বিভাগে কুরবানি হয়েছে ১০ লাখ ৫০ হাজার ৫৫৪টি পশু। এর মধ্যে গরু ও মহিষ ৪ লাখ ৯৬ হাজার ৮৮টি, ছাগল ও ভেড়া ৫ লাখ ৫৪ হাজার ৪৫৮টি এবং অন্যান্য পশু ৮টি।
সিলেট বিভাগে কুরবানি হওয়া ২ লাখ ৭৪ হাজার ৩২১টি পশুর মধ্যে গরু ও মহিষ ১ লাখ ৮৪ হাজার ৪১টি, ছাগল ও ভেড়া ৯০ হাজার ২৬৮টি এবং অন্যান্য পশু ১২টি।
মোট কুরবানির হিসাবে ঢাকা বিভাগ প্রথম অবস্থানে রয়েছে। এরপর রয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ। গরু ও মহিষ কুরবানিতে ঢাকা বিভাগ এবং ছাগল ও ভেড়া কুরবানিতে রাজশাহী বিভাগ শীর্ষে রয়েছে।
মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, এ বছর ঈদুল আজহায় কুরবানিযোগ্য পশুর চাহিদা ছিল ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। বিপরীতে প্রাপ্যতা ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। কুরবানির পর উদ্বৃত্ত পশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি।