Ridge Bangla

আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী হলেন টিকটকের প্রতিষ্ঠাতা

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহপ্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনীর অবস্থানে উঠে এসেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী, ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন তিনি।

ব্লুমবার্গের হিসাবে, ঝ্যাং ইমিংয়ের বর্তমান সম্পদের পরিমাণ ৯২ দশমিক ৮ বিলিয়ন ডলার। একই সঙ্গে তিনি চীনের সবচেয়ে ধনী ব্যক্তিতেও পরিণত হয়েছেন।

সংস্থাটি জানায়, ২০১৯ সালের মার্চে প্রথমবারের মতো তার সম্পদের হিসাব করা হলে এর পরিমাণ ছিল ১৩ বিলিয়ন ডলার। এরপর কয়েক বছরের ব্যবধানে তার সম্পদ সাত গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। বাইটড্যান্সের বৈশ্বিক ব্যবসার প্রসার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রগতিকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বজুড়ে জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সাফল্যের পাশাপাশি বাইটড্যান্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘দৌবাও’ চীনের সবচেয়ে জনপ্রিয় এআই চ্যাটবট হিসেবে জায়গা করে নিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারী ৩০ কোটির বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অবস্থান আরও শক্তিশালী করতে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা করছে বাইটড্যান্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০২৬ সালে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়েও আলোচনা করছে।

এদিকে নতুন অবস্থান পরিবর্তনের ফলে এশিয়ার ধনীদের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেছেন মুকেশ আম্বানি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৮৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। ১১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনীর অবস্থানে রয়েছেন ভারতের গৌতম আদানি।

তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন জাপানের তাদাশি ইয়ানাই এবং মাসায়োশি সন। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭২ দশমিক ৫ বিলিয়ন ও ৭২ বিলিয়ন ডলার।

তবে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার্স তালিকায় ভিন্ন হিসাব দেখা গেছে। সেখানে ৮৯ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনী হিসেবে রয়েছেন মুকেশ আম্বানি। দ্বিতীয় অবস্থানে থাকা গৌতম আদানির সম্পদের পরিমাণ ৮৬ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর ৬৯ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ঝ্যাং ইমিং।

ফোর্বসের বৈশ্বিক ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৮২৬ দশমিক ১ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা ল্যারি এলিসনের সম্পদ ২৯৬ বিলিয়ন ডলার এবং তৃতীয় স্থানে থাকা ল্যারি পেজের সম্পদের পরিমাণ ২৯৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে ধনী নারী হিসেবে রয়েছেন ওয়ালমার্টের উত্তরাধিকারী অ্যালিস ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ১২০ দশমিক ৮ বিলিয়ন ডলার এবং বৈশ্বিক ধনীদের তালিকায় তার অবস্থান ১৬তম।

This post was viewed: 10

আরো পড়ুন