ভারতের বিহার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আজ ভোররাতে বিহারের মুজাফফরপুরে অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে হঠাৎ আগুন লাগে। নিহত চারজনই সেখানে চিকিৎসাধীন ছিলেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হাসপাতালের ভেতর থেকে অন্তত ২০ জন রোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রশাসন জানিয়েছে, ভবনের ভেতরে এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। নিহতদের প্রত্যেক পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।