ঈদুল আজহার আগে ও পরের ১৩ দিনে সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩৭ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির হিসাবে, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২৪ জন। যা মোট মৃত্যুর ৪৪ দশমিক ১২ শতাংশ। এছাড়া সড়ক দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৩৩ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক ও আরোহী ছিলেন ১২৪ জন। এছাড়া বাসের যাত্রী ২১ জন, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের আরোহী ৩২ জন, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সে থাকা ১১ জন, থ্রি-হুইলারের যাত্রী ৪৮ জন এবং স্থানীয় যানবাহনের যাত্রী ৮ জন প্রাণ হারিয়েছেন।
একই সময়ে নৌপথে ১৩টি দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি ২২টি রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ জনের, আহত হয়েছেন আরও ৯ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৯৫টি দুর্ঘটনায় ১০১ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ৯টি দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ফরিদপুরে। সেখানে ১৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।