Ridge Bangla

নরসিংদীতে সড়কের পাশে বাক্সবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে ধানক্ষেতের কাছে একটি বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তারা বাক্সের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু কাপড় পাওয়া যায়।

ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করলেও তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় শনাক্ত করতে পারেনি।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন করতে রাতের কোনো এক সময় মরদেহটি সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 7

আরো পড়ুন