বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত নারী স্মৃতি রানী বরগুনার কালিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। উদ্ধার হওয়া দুই শিশু তার সন্তান বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে প্রায় ছয় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও আনুমানিক দুই বছর বয়সী আরেক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাজে এসেছিলেন স্মৃতি রানী।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। প্রতিবেশী ও পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি আরও জানান, স্মৃতি রানী ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. আলীম জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের একাধিক দল তদন্ত চালিয়ে যাচ্ছে।