হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে সালিশ বৈঠকের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে নতুন করে প্রায় ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে টাকা লেনদেন নিয়ে একই গ্রামের আহমদ ও তোফাজ্জলের মধ্যে বিরোধ তৈরি হয়। বিষয়টি মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে খরকি গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক চলাকালে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হন।
এর জের ধরে বুধবার সকাল থেকে আবারও উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবারের সংঘর্ষে আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি বলেন, মঙ্গলবারের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ তিনটি টিয়ারশেল ও সাতটি রাবার বুলেট নিক্ষেপ করেছিল। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও ১১টি টিয়ারশেল ব্যবহার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত আছে।