রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ড. এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং সেখানে পোকার উপস্থিতি দেখা যায়। নূর জাহান বেগম তার মেয়ের সঙ্গে ওই বাসায় থাকতেন। বাসাটির পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাসার ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রতিবেশীরা জানান, একজন বৃদ্ধ নারীর এমন পরিস্থিতিতে জীবন কাটানো এবং মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
জানা গেছে, নূর জাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তার মেয়ে একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
সন্তানরা প্রতিষ্ঠিত অবস্থানে থাকার পরও মায়ের এমন মৃত্যুর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ঘটনাটির পর নতুন করে আলোচনায় এসেছে ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন। এই আইনে সন্তানের ওপর পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা, নিয়মিত খোঁজখবর নেওয়া ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক সন্তান থাকলে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসব দায়িত্ব পালনের কথা বলা হয়েছে।