জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লেখেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনার সাফল্য কামনা করি।”
তিনি আরও বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আপনার সুদক্ষ নেতৃত্বে সাধারণ পরিষদ সকল সদস্য রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে যাবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ এবং বৃহত্তর অঞ্চলের জন্য একটি গর্বের মুহূর্ত।”
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে বিজয়ী হন ড. খলিলুর রহমান।
সাধারণ পরিষদের ১৯০টি ভোটের মধ্যে তিনি ৯৯টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১ ভোট। আট ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের প্রার্থী।
ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মাধ্যমে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে।