Ridge Bangla

বিমানবাহিনীর শক্তি বাড়াতে আরও ১১৪ রাফাল কেনার উদ্যোগ ভারতের

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ভারত। এ লক্ষ্যে ইতোমধ্যে ফ্রান্সের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে নয়াদিল্লি। চুক্তিটি বাস্তবায়িত হলে ভারতীয় বিমানবাহিনীর রাফাল বহর বেড়ে ১৭৬টিতে পৌঁছাবে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছে প্রস্তাব জমা দিয়েছে। এখন ফরাসি কর্তৃপক্ষ বিমানগুলোর মূল্য, উৎপাদন সক্ষমতা এবং লজিস্টিক সহায়তা সম্পর্কিত বিস্তারিত তথ্য সরবরাহ করবে।

কর্মকর্তারা আশা করছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্রান্সের পক্ষ থেকে জবাব পাওয়া যাবে। এরপর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

এদিকে চার দিনের সফরে ফ্রান্সে গেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। তার এই সফরকে কেবল নিয়মিত কূটনৈতিক সফর হিসেবে দেখা হচ্ছে না। জানা গেছে, সফরকালে তিনি ফ্রান্সের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাফাল নির্মাতা দাসো অ্যাভিয়েশন এবং মিটিওর ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী এমবিডিএ।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আলোচনায় শুধু যুদ্ধবিমান ক্রয় নয়, বরং ভারতে উৎপাদন সুবিধা, প্রযুক্তিগত সহযোগিতা এবং ভারতীয় অস্ত্রব্যবস্থা সংযোজনের বিষয়ও গুরুত্ব পেতে পারে।

এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে ফ্রান্স সফর করতে পারেন বলেও জানা গেছে। সফরটি হলে সম্ভাব্য রাফাল চুক্তি দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বিষয় হতে পারে।

প্রস্তাবিত এই ক্রয়প্রক্রিয়া সরকার-টু-সরকার পদ্ধতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে চুক্তি বাস্তবায়নে ভারত ও ফ্রান্সের শীর্ষ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

This post was viewed: 10

আরো পড়ুন