Ridge Bangla

যুদ্ধবিরতির মধ্যেই কেশম দ্বীপে মার্কিন হামলা, নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যে

চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের কেশম দ্বীপে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী এটিকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও ইরানি গণমাধ্যম দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। পাল্টা হামলার দাবিও করেছে তেহরান, ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের পক্ষ থেকে জাহাজ ও উপসাগরীয় কয়েকটি দেশের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে চালানো অভিযানটি ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার প্রচেষ্টার জবাব।

এর আগে সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল, হরমুজ প্রণালিতে নৌ তৎপরতার অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ব্যর্থ হয় বা ভেঙে পড়ে। পাশাপাশি বাহরাইনের দিকে ছোড়া আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপে তাদের অভিযানের মূল লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়া আঞ্চলিক সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ছোড়া ইরানের তিনটি হামলাকারী ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে তারা জানিয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন