Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে আটক ৩০ ভারতীয় ট্রাকচালক, দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান এবং বাণিজ্যিক ট্রাকচালক হিসেবে কাজ করার অভিযোগে ৩০ ভারতীয় নাগরিককে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। প্রশাসন জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এক বিবৃতিতে জানায়, গত ১১ থেকে ১৫ মে পর্যন্ত অ্যারিজোনা অঙ্গরাজ্যের ইউমা সেক্টরে ‘অপারেশন চেকমেট’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে মোট ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ৩৬ জন বাণিজ্যিক ট্রাক চালানোর কাজে নিয়োজিত ছিলেন।

আটক ট্রাকচালকদের মধ্যে ৩০ জন ভারতীয় নাগরিক। বাকি ছয়জন মেক্সিকো, এল সালভাদর ও রাশিয়ার নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের অনেকের কাছেই ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ছিল। তবে কয়েকজনের কাছে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অধিকাংশের কাছেই কর্মসংস্থান অনুমোদনের নথি ছিল, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে ইস্যু করা হয়েছিল। কিন্তু এসব নথির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ফেডারেল আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্য অনুযায়ী, ‘অপারেশন চেকমেট’-এর মূল উদ্দেশ্য হলো অবৈধভাবে অবস্থানকারী এবং বাণিজ্যিক যানবাহন পরিচালনাকারী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।

This post was viewed: 36

আরো পড়ুন