যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আরেক দফা সামরিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই দেশের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলেছিল। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয় এবং ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হলেও সাম্প্রতিক সময়ে সেই প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে।
এ অবস্থায় নতুন করে উত্তেজনা বাড়ছে। মোহাম্মদ জাফর আসাদী বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায় এবং ইরান জাতি কখনো আত্মসমর্পণ করবে না। আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ অত্যাসন্ন।”
অন্যদিকে, ইরানের সঙ্গে সমঝোতা না হলে পুনরায় সামরিক অভিযান চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।