Ridge Bangla

এল নিনোর নতুন ধাপ নিয়ে সতর্ক জাতিসংঘ, বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা

বিশ্বব্যাপী তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এল নিনো আবহাওয়া প্যাটার্নের সম্ভাব্য নতুন ধাপের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রভাব শুরু হতে পারে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের অবশিষ্ট সময়জুড়ে এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি এবং আবহাওয়ার অস্বাভাবিকতা আরও প্রকট হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে বিশ্বের বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাও সতর্ক করে বলেছিল, চলতি বছরের এল নিনো সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হতে পারে। অনেক বিশেষজ্ঞ একে ‘সুপার এল নিনো’ হিসেবেও উল্লেখ করছেন।

বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর সুনির্দিষ্ট শুরুর সময় নির্ধারণ করা সহজ নয়। এ কারণে তারা মধ্য প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে এর প্রভাব শুরু হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়।

এল নিনো সাধারণত তখন সৃষ্টি হয়, যখন বায়ুপ্রবাহের পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সমুদ্রপৃষ্ঠের এই উষ্ণতা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় প্রভাব ফেলে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

আসন্ন পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অধ্যাপক অ্যাডাম স্কাইফ বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস বড় এল নিনো আসছে। এটি রেকর্ডগড়া হতে পারে।”

বিশেষজ্ঞদের মতে, এল নিনো শক্তিশালী হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য চরম আবহাওয়া পরিস্থিতির ঝুঁকি বেড়ে যেতে পারে।

This post was viewed: 7

আরো পড়ুন