Ridge Bangla

রিপাবলিকানদের আপত্তিতে ট্রাম্প প্রশাসনের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল বাতিল

রিপাবলিকান আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার আইনপ্রণেতাদের এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ।

তিনি বলেন, “আমরা এই তহবিল নিয়ে আর এগোচ্ছি না। এখানেই শেষ।”

তবে একই বৈঠকে ব্লাঞ্চ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের কর-সংক্রান্ত নথিপত্র ভবিষ্যতে আর নিরীক্ষার আওতায় আনা যাবে না- বিচার বিভাগের সঙ্গে করা এমন একটি চুক্তি এখনো কার্যকর রয়েছে।

ট্রাম্প এর আগে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবার বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, সংস্থাটি তার কর-সংক্রান্ত নথিপত্রের ব্যবস্থাপনায় অনিয়ম করেছে। ওই মামলার সমঝোতা থেকেই পরবর্তীতে এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।

তবে রিপাবলিকান সিনেটররা আশঙ্কা প্রকাশ করেন, এই তহবিল কার্যকর হলে ট্রাম্পের অভিবাসন দমন কর্মসূচির জন্য প্রস্তাবিত ৭২ বিলিয়ন ডলারের বিল কংগ্রেসে জটিলতার মুখে পড়তে পারে।

এপ্রিলের শুরুতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডাইকে অপসারণের পর বিচার বিভাগের শীর্ষ দায়িত্বে রয়েছেন ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চ। হোয়াইট হাউসের অবস্থান সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, রিপাবলিকানদের উদ্বেগ দূর করতে পারাই ব্লাঞ্চের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

প্রায় ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিলের উদ্দেশ্য ছিল সরকারের ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া। কিন্তু গত মাসে সিনেটরদের সঙ্গে আলোচনায় ব্লাঞ্চ স্পষ্টভাবে বলতে পারেননি যে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় জড়িত ব্যক্তিরা এই তহবিল থেকে অর্থ পাবেন না। এরপরই রিপাবলিকানদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, এ পরিস্থিতির পর সোমবার হোয়াইট হাউসের কর্মকর্তারা বিভিন্ন আইনপ্রণেতার সঙ্গে যোগাযোগ করে আশ্বস্ত করেন যে তহবিল থেকে কোনো অর্থ বিতরণ করা হবে না।

এ বিষয়ে মন্তব্য চাইলে হোয়াইট হাউস বিচার বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, সরকারের অপব্যবহারের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া এখনো প্রশাসনের অগ্রাধিকারগুলোর একটি।

বিচার বিভাগের মুখপাত্র এমিলি কভিংটন বলেন, “অতীতের প্রশাসনগুলো যে ভুল করেছে, তা সংশোধনের প্রক্রিয়া চালিয়ে যাওয়াই ছিল এই তহবিলের লক্ষ্য। কিন্তু এ নিয়ে চরম ভুল বোঝাবুঝি তৈরি হওয়ায় বিচার বিভাগ আর এই তহবিল নিয়ে এগোচ্ছে না।”

This post was viewed: 3

আরো পড়ুন